বেড়ে রোমান্টিক— তবে চিঠির ঠিকানা জানা নেই--দেবশ্রী মজুমদার
বেড়ে রোমান্টিক—দেবশ্রী মজুমদার চিঠির ঠিকানা জানা নেই প্রিয় অপ্রিয় ভাজনেষু, দেখ, তুমি প্রিয় না অপ্রিয় আজ সেটা তুমিই বেছে নাও। আজ ও দুটোর কোনটাই ভাবি না। সকাল থেকেই আজ শারদ আকাশের মুখ বড্ড বেশী ভার। জানালার ধারে বিছানায় গুটিসুটি মেরে শিল্পীর দেশ রাগের এস্রাজ শুনছিলাম। ভিতরটা মুচড়ে উঠল। চিঠি তোমাকে কোন দিনই লিখি নি। আজ যেন গল্প। সেসব কথা। গল্পই বটে! মনে যখন এল। তখন লিখেই ফেলি কিছু কথা। কি জানি গন গনে রোদ যদি আবার আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে, হারিয়ে যায় ফোঁটা ফোঁটা বৃষ্টির পড়ার শব্দ নারকোল গাছের পাতায়! তার আগেই বলে ফেলি কি বল! তোমার সাথে আর দেখা হবে না। প্রতিবার পুজোতে অষ্টমীতে বন্ধুদের সাথে বেরোতাম। আমি ইচ্ছে করেই একবার বলেছিলাম আমরা বন্ধুরা অষ্টমীতে বেরোয়। কথাটা আলতো করে তুলে নিয়েছিলে। রামপুরহাটের অলি গলিতে যতই ঘুরি না কেন, তোমার সাথে দেখা হতই। কখনও স্টেশন রোডে ঠাকুর প্যান্ডেলে। আবার কখনও মুরারীদত্ত লেনের মণ্ডপে। দেখা আমাদের হত। কথা বিশেষ হত না। কারন বন্ধুরা সাথে থাকত। তবে দু’একবার চাউনি। কিম্বা দুএকটা কথা। আর তাতেই মনের ভিতর ঝড় বয়ে যেত। বন্ধুরাও আড় চোখে নজর করত। মুখ টিপে হাসত। অষ্টমীর...