এসো সুভাষ! দেবশ্রী মজুমদার

এসো সুভাষ!
দেবশ্রী মজুমদার
যে ছেলে সব চেয়ে ভালো
সে পায় না, পায় না মায়ের কোল!
মাও কাঁদে, ছেলেও কাঁদে,
পাতা মায়ের  আঁচল।
যে ছেলে সব চেয়ে ভালো
আনে, আঁধার- ঢেকে- আলো
কোলের জন্য সাধে না সাধে
তবু মায়ের চোখ যে তারেই খোঁজে
সব পেয়েও না পাওয়ার ব্যথায় মজে
-বলে আয় আয় ! আঁচল আজো ঢাকা
যদি কোল না ভরে,
যদি সব সব ফাঁকা
আজও পথ পানে চেয়ে
বাছা, আদরের ধন
উষ্ণ ললাট চুম্বন
মা'র সজল চোখ উদ্বাহু মূলে
মণি করে রাখে,  ঘ্রাণ ভরে রাখে
যেথা যত  ফুল ফোটে।
সব জোটে না জোটে!
হয় নি হয় নি সে
তবে আয় কোল ভরে
আমার এ বুকে, জড়িয়ে জঠরে
রক্ত মাংস, মজ্জায় ,আরও গভীরে
প্রতি নারী দুহাত বাড়িয়ে
আছে আছে চেয়ে
এসো সুভাষ!  সবার কোল জুড়ে
যন্ত্রী হীন যন্ত্র, তন্ত্রী হীন প্রাণ- এ জেরবার!
প্রাণবায়ু শুকায় হেথায় অথৈ পারাবার
আজ মন্থরা কেটেছে সিঁদ প্রতি ঘরে ঘরে
এসো এসো সুভাষ! মায়ের দুচোখ জুড়ে।

     

ধর্ম নিরপেক্ষতা!-- দেবশ্রী মজুমদার

ধর্ম নিরপেক্ষতা!
--- দেবশ্রী মজুমদার
যদি এদিকটায় আসো, ওদিকটা দু'হাত দূরে
রেখো!
তাহলে তুমি নিজেরে বলো ধর্ম নিরপেক্ষ।
তা কি করে হয়? বরং এদিকে না হয় আসলে
তবেই না গড্ডালিকায় ভাসলে? তুমিও সাপেক্ষ!
আরেকজন তো খালাস বলেই...
উঁহু, শিড় দাঁড়া নয়, তৃণভোজী ঘাড় কাতেই।
দেখ বাপু! ঘাড় নিচু, কি উঁচু!
বুঝি না অত কিছু!
সার কথা, ধর্মেও আছি, জিরাফেও আছি!
চলবে না থাকা এত কাছাকাছি?
এর পর যদি বলো আছি, তো আছি!
না হলে, গেলেই বাঁচি!!

     

সংবিধান তোর দোহাই কেন! -- দেবশ্রী মজুমদার

সংবিধান তোর দোহাই কেন!
--- দেবশ্রী মজুমদার
মানব না, তোরে মানব না।
সংবিধান তোর দোহাই দিই!
দেখতে নারে মুগুর পানা
উঠন্তি মূলো পত্তনে চেনা!
সরষে ফোড়ন, লঙ্কা দিই,
পাতের 'পর ছ্যেঁচকি নিই!
মানবো না, তোরে মানবো না।।
ছ্যেঁচকি দেখে হেঁচকি ভুলি
ঢেঁকুর তুলি, জোরসে বুলি
মানব না, তোরে মানব না।
সংবিধান তোর দোহাই দিই!
হাতে নিয়ে পতাকা তেরঙ
কণ্ঠে নিয়ে জাতীয় সঙ
এটাই বল কম কিসে?
তুই আর মুই খালু পিসে।
মানছি না, মানবো না।।
আছে শ্লোগান, কাপড় চাগান
যতেক ছিল, ততেক পোড়ান!
রাষ্ট্র এখন শোষণ যন্ত্র
বুক চিতিয়ে ধর মন্ত্র -
মানছি না, মানবো না।
দেশের আইন, দেশের শাসন,
মূলো খাওয়া আমার বারণ
মানছি না মানবো না।
কোনটা তেঁতো কোনটা মধু ,
কোন ব্যাটা সে আস্ত ভণ্ড
কোন ব্যাটা সে আসতো সাধু
ক্যামনে খাবে গণ্ড পিণ্ড!
মানছি না মানবো না
যারা মানে শুয়োর ছানা!
মানছি না মানবো না!
মানছি না মানবো না!

     

জোড়াতালি-- দেবশ্রী মজুমদার

জোড়াতালি!
--দেবশ্রী মজুমদার
জোড়াতালি যদি হতো
জোড়া হাতে তালি
বেশ হতো!
এটা ঠিক গল্পের ভণিতা নয়!
যে সময় পেরোচ্ছে ফেন্সিবুড়ি,
তাকে গালগল্প ভেবে
নিশ্চিন্তে থাকো না ক'দিন!
কেউ মানা করে নি তো!
নিশ্চিন্ত যাপন, চাঁদ বুড়ি উঠোন ঝাঁট দিতে
এসে কি গপ্পো মেরেছিল
শোনাও ছোট কিশলয়দের!
তা বেশ! এমনি চলুক সময়ের গুনটানা,
সময়ের হাত ধরে, তোমরা তো গুণীজন!
গপ্প ভালোই মারো! পান্তারে কও পরমান্ন !
তা বেশ!
এখন একটা সূঁচ দরকার! কলের
সুতো আছে! চরকায় সুতোর
আবেগে ফটাফট সুতো এফোঁড়
ও ফোঁড় যায় না! অসময়ে সেতো
বিশ... সে ত্যানাই থেকেছিল,
ঢেকেছিল না ঢেকেছিল দেহ টুকু!
তবুও ছটফটানি ছিল মাঝখানে।
বুড়ো ঠাকুরের দু'পাতায় তার মুণ্ডুপাত
হয়েছিল ঘরে বাইরে, না হয় নি,
সে অন্যকথা!
তবে এখন সেলাইটা দরকার, যদি ফেন্সি
বুড়ির ত্যানাটা টিকে যায় এ যাত্রায়!
যেখানে চাঁদ সূর্যের লড়াই, দিনের বেলায়!
যেখানে টুকরো টুকরো হতে হতে ফেন্সি বুড়ির
ক্যাঁথাটুকু প্রাণপণে জোড়াতালি দিতে দিতে
নিঃশেষ --
অনন্যোপায় .... অনন্যোপায় পতঙ্গভুক!
কি আর করতে পারো তুমি...
এই তো শীত আসার ক'দিন আগের কথা!
ছ্যাঁড়া ত্যানা দিয়ে সুজনি ক্যাঁথাখান
বেরোল তোমার প্যাঁটরা থেকে।
সামনের শীতে একটা আলোয়ান...
ভেবেই কেমন করা মন নিয়ে পাউঠিতে হেলান
দিলে পাকা টুস টুসে ফ্যেন্সি বুড়ি।
নিরাশা নয়, নিরালায় যেতে চায় মন!
ছুটতে ছুটতে পৃথিবীটা ছোট হবে একদিন!
কি তাতে! শেষ হয়ে শুরু হবে আবার!
আপাতত কাঁথা টুকু সম্বল! শোনার লোক নেই
আজ... বলার... বলার অনেক জন!
ভুল বকার অভাব নেই, নেই অভাব
বকবকমের!
কবিতা, নারী ও ফুল পেলব কোমল
কমনীয়তা নয়।
সব ঠোকো ঠকাঠক চকমকিতে
যখন সবাই এক সারণীতে...
যুক্তির থেকে মুক্তি চেয়ে, অন্ধত্ব চাও...
বাড়ি সুদ্ধ লোক, বাড়ি বয়ে আসা শান্তি
ভিক্ষুকে এক সাথে তারস্বরে রক্তচক্ষু বলো...
বলছি না, বাড়িতে কেউ নেই! কানে কী
কালা? কথা ঢোকে না? কি ঢোকে?
... দাও গালমন্দ।
তার পর ওড়াও দর্শন বুলি!
আজ সবার দর্শন আছে
হাতে হাতে পাতে পাতে!
চোরের দর্শন আছে চুরি করার, তোমার
আছে, আছে আমার, খুনিরও!
শেষে গেয়ে নাও সেই গীতিখানির
এক কলি। তার পর...
যস্মিন দেশে যদাচার!
আপাতত ফেন্সি বুড়ির কাঁথা সেলাই করবে
পুলিশ, রাজনীতির কুর্তা পাঞ্জাবি...
না হলে, কি আর করবে?
দাও, বুড়ির কাঁথায় আগুন!!
জ্বলে পুড়ে সব যায় যাক
বেঁচে থাক ---
পুঁথি বুড়োর হালুম হালুম খ্যাঁক!!

     

Gadget

​"নাটক" সাড়ে সব্বনাশ- দেবশ্রী মজুমদার

                             ​"নাটক"                         ​     সাড়ে সব্বনাশ ​                      একাঙ্ক নাটক : কিশলয় নাটক :...

Popular