Skip to main content
নিগড়-- দেবশ্রী মজুমদার
নিগড়
দেবশ্রী মজুমদার
যখন কেউ বুঝতে চাই না
চলো নিজেরাই একটা হলোকষ্ট
গড়ে তুলি...
পা যখন অদ্ভুত শৃঙ্খলার নিগড়ে অভ্যস্ত
ভদ্র, অভদ্র, ভব্য, অভব্য, শিক্ষিত, অশিক্ষিত
একই বন্ধনীতে শব্দ মাত্র...
শুধু সময়ের হের ফের...
চলো, জ্বালামুখের দিকে এগিয়ে যায়।
দেখি কে বাঁচায়!!
গম্বুজ, মিনার, শিখর, চূড়া আরও কত কি!
দাড়িয়ে আছে! বিশ্বাসীর কেতাবে
হাল ফেরে নি তাঁর এখনও...
তাই এখনও একদল পুজো পাঠ,যজ্ঞ,
মজলিশ, মার্কজে বাঁচাতে চাইছে তাঁকে...
হায় রে বিড়ম্বিত অস্তিত্ব ঐশী সঙ্কটে!
সব দরজায় তালা পড়ে গেছে...
তবু ভয় বিশ্বাসে ঝাড়পোঁছে
চক চকে তালা ঘষে ঘষে।
হে! এক শতাব্দীর মানুষ দেখ!
যা বিশ্বাস করেছো এতদিন
তা কোন সুতোয় বাঁধা?
করোনা করেছে মানা
কোন প্রবোধে হবে না
নিশ্চয় নিশ্চিত মৃত্যু পরোয়ানা!
এখনও ফিরতে পারো,
হারাতেও পারো পথ।
পথিক! এ বিস্তীর্ণ জনপদে
মরিচিকা ছড়ানো বীথি পথ।
এক মুষ্ঠি এক অঙ্গুষ্ঠ সীমান্তে
আঙুলে আঙুল জড়িয়ে, কোন অজান্তে
চড়াইয়ের স্বপ্নে মশগুল হতে হতে
ইতিহাস হও, চেপে রাখো 'হা হতোস্মি' শ্বাস!!
করতালি শোন, জনে জনে দেখাও নিজের
সর্বনাশ!!