মায়ামৃগ: দেবশ্রী মজুমদার

মায়ামৃগ-- দেবশ্রী মজুমদার
ভুলটা যতটা ভুল হোক
ভুল বোঝানো ছিল সঠিক।
আয়নায় ডান হাতকে বাম দেখাটা
নিশ্চয় ভুল। তবে, ডানটা তো ডান!
সে তো বক্ষবন্ধনী থেকে ডানা মেলে
না কোন দিন! সেটা তুমি জানতে!
উঁহু, না বলো না কোনদিন, তুমি হা হন্ত!
দেখ এই যে স্বরবর্ণ থেকে ব্যঞ্জন বর্ণ,
যুক্তাক্ষর শব্দ তৈরি করে মাত্র, ধ্বনি তৈরি
করো তুমি! তাই পার পেয়ে যাও, কি বলো?
অনাঘ্রাতা তোমার পালিত চোখ,
পদ্মনাভ ঘুম চোখ জুড়ে,কাব্য রচ দিবারাত্র!
আরো আরো কবিতায় হও রমণীয়!
কোন দায় নেই তোমার! জনগণনা পঞ্জি
থেকে কাঁটাতারের সীমান্ত - সবটা রমণীয়
গোলাপের মত।
কারো অধিকার, তোমার হুজুগে সত্যের
অপলাপ যখন, তুমি নির্বিঘ্নে শব্দের জাল
বোনো।সুনামের সুনামীতে ভাসবে বলে,
হাওয়া বুঝে হাল ধরো, মাধুকরী করো,
যযাতির অষ্টকা হও কৃষ্ণাষ্টমীতে!
কি যায় আসে তোমার, মুক্তাগাছায়
কে ধর্ষিতা হলো, ভিটেমাটি ছেড়ে আবার...
থাক! তোমার তো মুক্তাগাছি মেঠাই হলেই চলে-
কাব্যের সুঘ্রাণে! কি এসে যায়, নানকানার
কে কবে অন্ধ হলো জেনে!
কেউ বাঘ, তুমি খ্যাতির সওয়ারী বন্ধু!
তুমি ডান হাতকে আয়নায় বাম ভাবো!
ভুলকে ভুল নয় বিলকুল, ভুল বোঝানোটা
যেন‌ হয় সঠিক! গাত্রদাহ হতে হতে জ্বলে যাক
সব! পুড়ুক ট্রেন, স্টেশন, বাড়ি, ঘর, বাহির, বাস
কলেজ, মগজ, সব- সব- সবটুকু শ্বাস!!

     

Comments

Popular

বর্ষাসাথী আমার ছাতি আজকে তুমি নাই:---দেবশ্রী মজুমদার

দেখবি, আর জ্বলবি, লুচির মত ফুলবি--- দেবশ্রী মজুমদার

আমার গ্রামের সাংস্কৃতিক জগতের ইতিকথা ঃ দেবশ্রী মজুমদার